যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির রাজত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, বেতনের অঙ্কেও তিনি সবার চেয়ে অনেক এগিয়ে আছেন। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন চলতি বছরের খেলোয়াড়দের বেতনের যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন এই তারকা বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে দুই কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার পাচ্ছেন। এমএলএসের অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় এই অঙ্ক অনেকটাই বেশি।
মেসির এই পারিশ্রমিকের পরিমাণ আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন অন্য একটি পরিসংখ্যানের দিকে তাকানো যায়। ইন্টার মায়ামিকে বাদ দিলে মেজর লিগ সারের ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের সব খেলোয়াড়ের পেছনে ব্যয় মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি। অর্থাৎ লিগের বাকি ২৬টি দলের প্রত্যেকটির খেলোয়াড়দের জন্য মোট বেতন খরচের চেয়েও বেশি বেতন পান মেসি। এছাড়া ইন্টার মায়ামি ক্লাবটির পুরো দলের খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক বাবদ ব্যয় পাঁচ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার, যা লিগের ত্রিশটি দলের মধ্যে সর্বোচ্চ।
এমএলএসের এই তালিকায় মেসির ঠিক পরেই অবস্থান করছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। শিকাগো ফায়ারে যোগ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন রবার্ট লেভানডফস্কি, যা এক কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। এছাড়া তৃতীয় স্থানে থাকা অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানের পারিশ্রমিক এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের পারিশ্রমিক এক কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার এবং পঞ্চম স্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো পান এক কোটি আট লাখ ১০ হাজার ডলার।





