উইমেনস বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস ও ব্রিজবেন হিটের ম্যাচে ঘটেছে এক বিরল ঘটনা। উইকেটে এসে কোনো বল মোকাবিলা করার সুযোগ পাওয়ার আগেই বোল্ড আউট হয়েছেন রেনেগেডসের ব্যাটার ডিয়ান্ড্রা ডটিন। মেলবোর্নে নতুন এক নিয়মের কারণে এই ব্যতিক্রমী আউটটি দেখেন দর্শকরা। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়মে আউট হওয়া প্রথম ব্যাটার তিনিই।
১৩৮ রানের লক্ষ্য তাড়ার সময় ১৫তম ওভারে রেনেগেডসের রান যখন ৪ উইকেটে ৯৭, তখন ক্রিজে আসেন ডটিন। তবে মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় এবং ক্রিজে আসার পর হেলমেট ও গ্লাভস ঠিক করতে সময় নেওয়ায় তৈরি হয় বিপত্তি। টুর্নামেন্টের সংশোধিত নিয়ম অনুযায়ী, আগের ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে বল খেলার প্রস্তুতি নিতে হয়।
নির্ধারিত সময়ে প্রস্তুত হতে ব্যর্থ হওয়ায় ডটিনকে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে লেগ সাইডে দাঁড়িয়ে থাকতে হয় এবং বোলারকে বল করার অনুমতি দেওয়া হয়। বোলার সারাহ গ্লেন ফাঁকা স্টাম্পে বল করলে ডটিন শূন্য রানে বোল্ড আউট হন। এই ডেলিভারিটি ওভারের একটি বৈধ বল হিসেবেও হিসাব করা হয়।
ডটিন এভাবে শূন্য রানে আউট হলেও শেষ পর্যন্ত শেষ বলের লড়াইয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় রেনেগেডস। ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচ সেরা হওয়া সোফি মলিনিউ জানান, তিনি ক্রিকেটে আগে কখনো এমন কিছু দেখেননি এবং এটি সবার জন্য একটি বড় শিক্ষা।





