ক্রিকেটপাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে আসন্ন আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় নাম রাখেননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। গত মঙ্গলবার রাতে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে যে তালিকা পাঠিয়েছে, সেখানে মোস্তাফিজ ছাড়াও আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রাখা হয়নি। ক্রিকবাজ ও ক্রিকইনফো সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের শুরুর দিকে আইপিএলে কলকাতার হয়ে দল পাওয়ার পর রাজনৈতিক নানা জটিলতায় তাকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে বিশ্বকাপের দল গঠন ও নিরাপত্তা ইস্যু নিয়ে নানা ঘটনার জন্ম হয়। এমন পরিস্থিতিতে কোনো ধরনের অনিশ্চয়তা এড়াতে বাঁহাতি এই পেসার নিজেই নিজেকে নিলাম থেকে সরিয়ে নিয়েছেন বলে জানা যায়।
বড় দুই তারকার নাম না থাকলেও প্রাথমিক তালিকায় নাম দিয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, শামীম হোসেন, পারভেজ ইমন, সাইফ হাসান, রিপন মণ্ডল ও মোহাম্মদ রুবেল এই তালিকায় আছেন। তবে তাদের কারোই এর আগে আইপিএল খেলার কোনো অভিজ্ঞতা নেই।
এদিকে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। অন্যদিকে ২৭ নভেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাতে পারলেও, এই তালিকায় মোস্তাফিজের শেষ পর্যন্ত ফেরা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
সূত্র
- ইনডিপেনডেন্ট টিভি — মূল খবর পড়ুন · মূল প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪১
ছবি: ইনডিপেনডেন্ট টিভি





