বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে নতুন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ে তাঁর বাড়ি জলসা এবং বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের সদর দপ্তর উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে একটি ই-মেইলে। এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকে পুলিশ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এই হুমকিমূলক বার্তাটি এসে পৌঁছায়। সেখানে জলসা ও বিএমসি সদর দপ্তর ছাড়াও আরও কয়েকটি নির্দিষ্ট স্থানকে হুমকির মুখে রাখা হয়েছে। মেয়রের দপ্তরে আসা ওই ই-মেইলে আচার্য মেট্রোস্টেশন, সায়ন এবং মহালক্ষ্মী রেসকোর্সে বিস্ফোরক রাখা আছে বলে দাবি করা হয়। তবে কে বা কারা এই বার্তা পাঠিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
চলচ্চিত্র তারকাদের নিরাপত্তা নিয়ে কিছুদিন ধরে বেশ উদ্বেগ কাজ করছে। এর আগে সালমান খানের বাসার বাইরে গুলির ঘটনা ঘটেছিল। এছাড়া অমিতাভ বচ্চনও এর আগেও একাধিকবার এমন হুমকি পেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে অভিনেতার জলসা বাড়ির বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।





