হাইতিতে ২০১০ সালের সেই ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া ছোট্ট শিশু কিকি রামোস পরে হয়ে ওঠেন আর্জেন্টাইন এবং ফুটবল পায়ে নজর কেড়ে নতুনভাবে খবরের শিরোনাম হন। ২০০৯ সালের এপ্রিলে জন্ম নেওয়া রামোসের বয়স যখন নয় মাস, তখন ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে আঘাত হানে ভয়ানক ভূমিকম্প। সেই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান লাখের বেশি মানুষ। শিশু রামোস কোন পরিবারে জন্মেছিলেন কিংবা কেনই বা তিনি তখন হাইতি ছেড়ে আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন, সেসবের কিছুই নিশ্চিতভাবে তার মনে নেই।
একটি আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয় এবং সময়ের পালায় তিনি হয়ে ওঠেন আর্জেন্টাইন নাগরিক। সেখানেই তিনি ফুটবলার হিসেবে গড়ে ওঠেন এবং বল পায়ে আলো ছড়িয়ে গত জুলাইয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলে অভিষেক ঘটে তার। চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা ছিল, তবে তিনি নিজে জোরালো কোনো আশার জায়গা দেখতে পাননি। তাই জন্মভূমি হাইতির ডাক আসতেই তিনি তা লুফে নেন এবং ঝটপট হাইতির ফুটবলার হয়ে ওঠেন। দেশটির পারফরম্যান্স তেমন ভালো না হলেও, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে দুই এক ব্যবধানে হারের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন রামোস।
বিশ্বকাপ যাত্রা শেষের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপকে আচমকা সিদ্ধান্তে হাইতির হয়ে খেলার কারণ ব্যাখ্যা করেন এই উইঙ্গার। তিনি জানান, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা খুবই কঠিন হবে মনে করেই তিনি হাইতির সুযোগটি লুফে নিয়েছিলেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের বয়সভিত্তিক দলের হয়ে খেললেই ওই ফুটবলার নির্দিষ্ট দেশের জ্যেষ্ঠ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা হারান না। রামোস দৃঢ়তার সঙ্গে বলেন, “আমার সবসময়ের স্বপ্ন আর্জেন্টিনা জাতীয় দলের খেলা এবং আমি এখনও আর্জেন্টিনার হয়ে খেলতে পারি।” কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে রানার্সআপ হয়েছে।





