পর্দার জনপ্রিয় কপিলাখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলী গত ২৫ নভেম্বর তাঁর জীবনের ষাট বছর পূর্ণ করেছেন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। গোয়া থেকে কলকাতা যাওয়ার পথে এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন যে তিনি এখনো মজা করে তাঁকে কপিলা বলেই ডাকেন। পরিচালকের মতে, এই চরিত্রের সঙ্গে অভিনেত্রীর ব্যক্তিত্বের কিছুটা মিল রয়েছে কারণ দুজনেই এক ধরনের রহস্যময়তা বজায় রাখেন। সুযোগ পেলে তিনি রূপাকে আবারও এমন একটি চরিত্রে কাস্ট করার ইচ্ছা পোষণ করেছেন।
সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পুনরুদ্ধারকৃত সংস্করণ প্রদর্শন করা হয়েছে। ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ এই ছবিটি পুনরুদ্ধার করেছে এবং গৌতম ঘোষ নিজে এর কালার কারেকশনের কাজ করেছেন। উৎসবে দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে। পরিচালক এবার চাচ্ছেন কলকাতার নন্দনেও ছবিটি প্রদর্শিত হোক যাতে বর্তমান প্রজন্মের তরুণ দর্শকরা বড় পর্দায় রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গাঙ্গুলী ও উৎপল দত্তদের অভিনয় দেখতে পারেন। জন্মদিনে রূপার কাছে তাঁর অনুরোধ ছিল নন্দনে প্রদর্শনের বিষয়টি তিনি যেন একটু গুরুত্ব দিয়ে দেখেন।
১৯৬৬ সালের ২৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রূপা গাঙ্গুলী। তাঁর বাবা সমরেন্দ্রলাল গাঙ্গুলী ও মা যূথিকা গাঙ্গুলী। তাঁর পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের নারায়ণগঞ্জে। সিনেমার জগতে আসার অনেক আগে ছোটবেলায় তিনি ঢাকা, নারায়ণগঞ্জ ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে এসেছেন। তাঁর পড়াশোনা শুরু হয়েছিল কলকাতার যোধপুর পার্ক হাইস্কুল, বালিগঞ্জ শিক্ষা সদন ও বেলতলা গার্লস হাইস্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যোগমায়া দেবী কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তাঁকে স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলেছিলেন তাঁর মা।





