বহুল আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে। নাটকটির সমাপনী দিন উপলক্ষে আয়োজিত শেষ আড্ডায় আবেগপ্রবণ হয়ে পড়েন এর অভিনয়শিল্পীরা। নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নাটকের পরিচিত মুখ অভিনেতা শামীম হাসান সরকার। নাটকের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন এবং আরিফিন চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। তবে বিভিন্ন কারণে তিনি একসময় এই ধারাবাহিক থেকে দূরে সরে গিয়েছিলেন। সুদীর্ঘ পাঁচ বছর পর তিনি আবার এই নাটকে ফিরে আসেন এবং নাটকটির সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামীম হাসান সরকার বলেন, ‘সরি অমি ভাই, আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম না। আমি সরি। খুব মিস করেছি। পাঁচ বছরে যতগুলা সিজন বের হইছে, যতগুলো এপিসোড বের হইছে, আপনারা যাঁরা কাজ করছেন, আপনারা জানেন না আমি প্রত্যেকটা এপিসোড দেখছি, সবাইকে মিস করছি। আমি জানতাম কোনো সিকোয়েন্সে একটু হাসি আসতেছে, কার চোখ কেন জ্বলজ্বল করছে।’ তাঁর এই কান্নার সময় নাটকের অন্য কলাকুশলীরা নীরব ছিলেন এবং পরিচালক কাজল আরেফিন অমি তাঁর চোখ মুছে দেন।
র্যাগ ডে নামের এই সমাপনী আয়োজনে নাটকের অন্যান্য অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাইদুর রহমান পাভেল, চাষী আলমসহ পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সহশিল্পী জিয়াউল হক পলাশকে নিয়ে শামীম বলেন, তিনি পলাশের দিকে তাকিয়ে এখনো স্বাভাবিকভাবে অভিনয় করতে পারেন না। সবার মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং পরিচালকসহ সবার চোখ ভিজে আসে। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক নাটকটি এবার আনুষ্ঠানিকভাবে সমাপ্তির পথে যাচ্ছে।





