কক্ষপথে নিজের প্রথম অভিযানে দেশীয় স্বাদের ছোঁয়া পাচ্ছেন পাকিস্তানের প্রথম মহাকাশচারী মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ যানে করে পৃথিবীর কক্ষপথে তাঁর জন্য পাঠানো হয়েছে ল্যাম্ব কোরমা, বিফ নেহারি, বাটার চিকেন ও মসলাদার ছোলা। বুধবার চীনা মহাকাশবিদ তাং হংবো এবং উ ইর সঙ্গে তিয়ানগং স্টেশনে পা রাখেন পাকিস্তান বিমানবাহিনীর এই কর্মকর্তা। এর মধ্য দিয়ে স্টেশনটিতে পা রাখা প্রথম বিদেশি এবং পাকিস্তানি নভোচারী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হলো। সেখানে পূর্বে থেকেই দায়িত্বে থাকা তিন সহকর্মী তাঁদের অভ্যর্থনা জানান। ফলে দায়িত্ব বদলের এই সন্ধিক্ষণে কেন্দ্রটিতে অবস্থানরত মোট সদস্যের সংখ্যা দাঁড়ায় ছয়জনে। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মাথায় নভোযানটি তিয়ানগংয়ের সাথে সংযুক্ত হয় এবং হ্যাচ খোলার পর জিশান আলী অপর বিজ্ঞানীদের সাথে মিলিত হন। এ সময় তিনি পাকিস্তানের প্রখ্যাত কবি আল্লামা মোহাম্মদ ইকবালের একটি কবিতার অংশ পাঠ করে শোনান এবং সেটির অনুবাদও চীনা সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন। কবিতাটির অর্থ ছিল, তারাদের ওপারেও জগৎ রয়েছে এবং সেখানে প্রেমের আরও পরীক্ষা বাকি আছে।
দক্ষিণ এশীয় অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ও হালাল বিধিমালার ভিত্তিতে জিশান আলীর খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়িত্ব পালন করেছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। চীনা গণমাধ্যমের তথ্যমতে, তাঁর পছন্দ অনুযায়ী পাকিস্তানি ঘরানার মোট সাতটি ভিন্ন পদ প্রণয়ন করা হয়। প্রয়োজনীয় পুষ্টিমান বজায় রাখার পাশাপাশি চিরাচরিত আস্বাদ অটুট রাখার স্বার্থে কারি এবং হলুদের মতো মশলার ব্যবহার গুরুত্ব পেয়েছে। চূড়ান্ত মেনু নির্বাচনের পূর্বে সামগ্রিক খাদ্য উপাদানের ওপর একাধিক গবেষণা ও পরীক্ষা চালানো হয়েছে। তাছাড়া পুরো প্রক্রিয়াটিতে হালাল পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করার বিষয়টি সিজিটিএনের প্রতিবেদনে তুলে ধরা হয়।
চীনে অবস্থানকালে জিশান আলীর ব্যক্তিগত রুচি কিছুটা পরিবর্তিত হওয়ায় প্রাথমিক তালিকায় পরিবর্তন আনা হয়েছিল। পূর্বে পাকিস্তানি মশলাযুক্ত দুধ-চা রাখার ইচ্ছা থাকলেও পরবর্তীতে স্থানীয় চালের ভাত ও ব্ল্যাক টির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তাঁর বিশেষ ইচ্ছার কারণে মহাকাশ সফরের মেনুতে এ দুটি খাবারও সংযোজন করা হয়। পরবর্তীতে দুই দলের ছয় সদস্যের মিলনকে স্মরণীয় করে তুলতে একটি বিশেষ ভোজ অনুষ্ঠিত হয়, যাতে উভয় দেশের খাবারের সমন্বয় ছিল।





