বলিউডের শীর্ষ তারকাদের ঘিরে নিরাপত্তা উদ্বেগ, গাড়ি লক্ষ্য করে গুলি এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনাগুলোর কারণে বিনোদন জগতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব এখন সরাসরি গিয়ে পড়েছে চলচ্চিত্রের শুটিংয়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন ছবির শুটিংয়ের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে অথবা লোকেশন বদল করা হচ্ছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করেছে যে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তবে পুরো শিল্পে শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানিয়েছেন যে শুটিং পেছালে বা স্থানান্তরিত হলে সবচেয়ে বড় বিপদে পড়েন দৈনিক মজুরিতে কাজ করা কলাকুশলীরা। বড় তারকারা ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলেও লাইটম্যান, স্পটবয় ও টেকনিশিয়ানদের সেই সুযোগ থাকে না। কাজ বন্ধ থাকলে তাঁদের সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এই উদ্বেগ থেকেই গত শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ও মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকে চিঠি পাঠিয়েছে এআইসিডব্লিউএ।
চিঠিতে নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানা হয়েছে। পাশাপাশি সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি এবং অমিতাভ বচ্চনের বাড়ির নাম করে ভুয়া বোমা হামলার মতো বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। সাইফকে পাঠানো ভয়েস বার্তার প্রেরক নিজেকে বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত জিশান আখতার হিসেবে পরিচয় দিলেও কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
তারকাদের সুরক্ষার পাশাপাশি সেট ও সাধারণ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে চলচ্চিত্রকর্মীদের সংগঠনটি। তাদের সতর্কবার্তা অনুযায়ী, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে শুধু কর্মীরাই কাজ হারাবেন না, বরং প্রযোজকেরাও বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং বড় পরিসরে শুটিং কার্যক্রম পুরোপুরি থমকে যেতে পারে।





