চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে মুক্তির প্রস্তুতির নানা পর্যায়ে সঙ্গে থাকা কলাকুশলী ও অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি তিনি মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস ছবির পুরো টিমকে নিজের পানভেলের খামারবাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে শুধু ভোজের আয়োজনই করা হয়নি, দলের সবাইকে সুইজারল্যান্ডে তৈরি বিলাসবহুল ঘড়িও উপহার দেওয়া হয়েছে। মিড ডে সূত্রে জানা গেছে, ছবিটি নানা বাধা ও বিলম্ব পেরিয়ে তৈরি হওয়ায় এবং মুক্তির প্রস্তুতি শুরু হওয়ায় বেশ খুশি ও স্বস্তি পেয়েছেন অভিনেতা।
পানভেলের খামারবাড়ির এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া, চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া ও বিপিন ভরদ্বাজসহ ছবির সঙ্গে যুক্ত অনেকে। প্রথমে দলের সদস্যরা ভেবেছিলেন প্রচারকৌশল নিয়ে আলোচনার জন্যই তাদের ডাকা হয়েছে, কিন্তু সালমানের এমন উপহার পেয়ে তারা সবাই অবাক হয়ে যান। কাপুর ওয়াচ কোম্পানির এই ঘড়িগুলোর আনুমানিক দাম দুই লাখ থেকে ছয় লাখ রুপির মধ্যে বলে জানানো হয়েছে। ছবিটির মুক্তির প্রস্তুতি চলার মাঝেই এই আয়োজনের মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।
অপূর্ব লাখিয়া পরিচালিত মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস ছবিটি প্রযোজনা করছে সালমান খান ফিল্মস। এই সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া ও বিপিন ভরদ্বাজ। যুদ্ধের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে দর্শকের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। আগামী চার ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।





