বাংলা সংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী, গীতিকার এবং সুরকার সঞ্জীব চৌধুরীর স্মরণে রাজধানী ঢাকায় একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। হেঁটে গেছি বিরান পথে শিরোনামের এই আয়োজনে অংশ নেবেন দেশের চারজন সংগীতশিল্পী। আগামী ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সঞ্জীব চৌধুরীর প্রয়াণবার্ষিকীর পরদিন আজব কারখানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি নিজেদের মৌলিক গান শোনাবেন সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। ব্যান্ড দলছুটের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকালিস্ট হিসেবে তিনি বাংলা সংগীতে নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন। তাঁর গাওয়া ও লেখা বিভিন্ন গান শ্রোতাদের মাঝে এখনো দারুণ জনপ্রিয়। পাশাপাশি লোকগানকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রেও তাঁর বড় অবদান ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন স্পট টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট দুটি নম্বরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করা যাবে। বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের কাছে সঞ্জীব চৌধুরীর সৃষ্টি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে।





