ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। আগের ম্যাচে প্রথমবার মাঠে নেমে বড় ব্যবধানে হেরেছিল ক্যাপিটালস, যেখানে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার দলের জয়ে বড় অবদান রেখেছেন এই বাঁহাতি পেসার। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় দুবাই ক্যাপিটালস।
জবাব দিতে নেমে শুরুতেই বাবর আজমকে হারায় ডেজার্ট ভাইপার্স। আগের ম্যাচে দুর্দান্ত ফিফটি করা পাকিস্তানি এই ব্যাটার টিকতে পেরেছেন মাত্র দুই বল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভাইপার্স দল। দলের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আন্দ্রিয়েস হাউস, জো ক্লার্ক ও শিমরন হেটমায়ার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। চার ওভারে মাত্র ২০ রান খরচ করে প্রতিপক্ষের চার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আফগানিস্তানের স্পিনার নুর আহমাদ। শেষ পর্যন্ত তেরো বল বাকি থাকতেই ১১৯ রানে গুটিয়ে যায় ভাইপার্সের ইনিংস।
ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নেমে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে মাত্র ছয় রান দিয়ে ফাখার জামানের উইকেট তুলে নেন তিনি। তার শেষ বলে শর্ট ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। শেষ দিকে নিজের বোলিং কোটা পূর্ণ করতে এসে পঞ্চম বলে মুজিব উর রাহমানের উইকেট শিকার করে ইনিংসের ইতি টেনে দেন তিনি। সব মিলিয়ে ম্যাচে আড়াই ওভার বোলিং করে মাত্র বারো রান খরচায় দুটি উইকেট পকেটে পুরেন মুস্তাফিজ।





