আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে পরিচিত নিকো পাসকে নিয়ে রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ সম্পর্কে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল কোচ হোসে মরিনিওর কাছে। তবে কোমোর এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে সংক্ষিপ্ত উত্তরে বিষয়টি এড়িয়ে গেছেন পর্তুগিজ এই কোচ। বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন পাজ। এর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক ছিল এবং বয়সভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি মূল দলের জার্সিতেও মাঠে নেমেছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে তাকে স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে কোমোর কাছে বিক্রি করা হয়।
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হন কোচ মরিনিও। সেখানে পাজকে নিয়ে প্রশ্ন উঠলে তিনি তা হেসে উড়িয়ে দেন এবং জানান যে এই খেলোয়াড় বর্তমানে তার দলের অংশ নন। তবে ভবিষ্যতে পাজকে আবারও দলে ফিরিয়ে আনার একটি সুযোগ স্প্যানিশ ক্লাবটির হাতে রয়েছে। ২০২৭ সালের গ্রীষ্মে নির্দিষ্ট শর্তে তাকে পুনরায় কিনে নেওয়ার সুযোগ রেখে দিয়েছে রিয়াল। ফলে আগামী দিনগুলোতে এই তরুণ ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচ খেলা এবং এর ফলে তৈরি হওয়া চোটের ঝুঁকি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন মরিনিও। বেশি ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের মাঝে ধর্মঘটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কি না, এ বিষয়ে তিনি মন্তব্য করেন যে বেশি আয় করতে গেলে কিছু ঝুঁকিও নিতে হয়। এছাড়া পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে আগামী রাতের ম্যাচটি বেশ কঠিন হবে বলে উল্লেখ করেছেন তিনি। প্রতিপক্ষের দলে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড়ও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ মরিনিও।





