আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাসের প্রতিভায় মুগ্ধতা প্রকাশ করেছেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। ইতালির একটি ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডারের খেলার ধরন, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন সাবেক এই তারকা। পাসের সামর্থ্য নিয়ে কথা বলার সময় তিনি আর্জেন্টিনার দুই কিংবদন্তি খেলোয়াড়ের প্রসঙ্গ টেনে আনেন।
২২ বছর বয়সের এই ফুটবলারের পারফরম্যান্স নিয়ে ভেরন বলেন যে এমন কিছু মাঠে করে দেখাতে তিনি কেবল লিওনেল মেসি ও দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে দেখেছেন। তবে সরাসরি এই দুই কিংবদন্তির সঙ্গে পাসকে তুলনা করতে চাননি তিনি। তাঁর মতে, ওই স্তরে পৌঁছাতে হলে একজন খেলোয়াড়কে দারুণ হতে হবে এবং সময়ের সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পাসের মধ্যে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে বলে মনে করেন তিনি।
পাসের মাঠের ব্যক্তিত্ব ও স্বাভাবিক ফুটবলীয় দক্ষতা ভেরনকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। প্রতিপক্ষের কঠিন মার্কিংয়ের মাঝেও সতীর্থরা পাসকে বল দেন, কারণ তারা জানেন এই মিডফিল্ডারের ড্রিবলিং করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া পাসের খেলা পরিচালনার দক্ষতা ও মাঠে অবস্থান নেওয়ার ধরন তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে। নিজের খেলার সঙ্গে তুলনা করে ভেরন বলেন যে পাস যেন তাঁর চেয়ে কিছুটা এগিয়ে থাকা সংস্করণ, যিনি শট নেওয়া থেকে শুরু করে থ্রু বল বাড়াতে সম্পূর্ণ স্বাধীন।
তরুণ খেলোয়াড়দের অতিরিক্ত চাপে না ফেলার বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন ভেরন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন যে অতীতে বহু প্রতিভাবান খেলোয়াড় অতিরিক্ত তুলনার কারণে চাপে পড়ে নিজেদের সম্ভাবনা হারিয়েছেন। তরুণদের শান্ত রাখা ও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে সাক্ষাৎকারে অন্য আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর প্রশংসাও করেন এই সাবেক ফুটবলার।





