চলতি বছরের অন্যতম মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য লিওনিড উল্কাবৃষ্টি এখন বিশ্বজুড়ে খালি চোখেই উপভোগ করা সম্ভব। এতে রাতের আকাশ নীল ও সবুজের সংমিশ্রণে দীর্ঘ আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়ে উঠবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উল্কাবৃষ্টি সৃষ্টিকারী কণাগুলোর অসম্ভব দ্রুতগতির ফলেই এটি দেখার জন্য বেশ চমৎকার একটি অভিজ্ঞতা তৈরি করে। প্রতি সেকেন্ডে প্রায় ৭১ কিলোমিটার গতিতে ধেয়ে আসা এসব উল্কা অন্য যে কোনো উল্কার তুলনায় অনেক বেশি গতিশীল। এ কারণে তৈরি হওয়া প্রজ্বলিত গোলকগুলো আকাশে অন্যান্য নক্ষত্র বা গ্রহের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে এবং সুবিস্তৃত পথ এঁকে দিয়ে যায়।
চলতি মাসের ৬ তারিখে এই মহাজাগতিক ঘটনাটি শুরু হয়েছিল, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত উল্কাবৃষ্টিটির তীব্রতা ও উজ্জ্বলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। পরবর্তী দিনগুলোতে এর উজ্জ্বলতার মাত্রা কিছুটা স্তিমিত হলেও পুরো মাস জুড়েই তা দৃশ্যমান থাকবে। উত্তর গোলার্ধের অন্যান্য দেশের মতোই বাংলাদেশের আকাশ থেকেও কোনো প্রকার টেলিস্কোপ ছাড়া এটি পরিষ্কারভাবে দেখা যাবে। মূলত টেম্পল-টাটল নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার স্তূপের মধ্য দিয়ে পৃথিবীর ভ্রমণের সময়ই এই মহাজাগতিক আয়োজন ঘটে থাকে। এসব টুকরো তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর পুড়ে আলো ছড়িয়ে অদৃশ্য হয়ে যায়।
সিংহ বা লিও রাশি থেকে এগুলোর উৎপত্তি হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় এই ঘটনার নাম দেওয়া হয়েছে লিওনিড উল্কাবৃষ্টি। এটি উপভোগ করতে কোনো কৃত্রিম সরঞ্জামের সাহায্য দরকার নেই। তবে জ্যোতির্বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, কোনো খোলামেলা অন্ধকার জায়গায় যেখানে কৃত্রিম আলোর দূষণ নেই, সেখানে গিয়ে অন্ধকারের সঙ্গে চোখ মানিয়ে নিলে আকাশজুড়ে এই আলোকচ্ছটা প্রত্যক্ষ করা সম্ভব। সাধারণত ঘণ্টায় মাত্র কয়েকটি উল্কা দেখা গেলেও প্রতি ৩৩ বছর পর পর এখানে উল্কাঝড় সংঘটিত হয়, যাতে ঘণ্টার ব্যবধানে শত বা হাজারো উল্কার দেখা মেলে। অতীতে ১৮৩৩ সালের এমন এক ঝড়ে প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ উল্কাপাত ঘটেছিল। এছাড়া ১৭৯৯, ১৯৬৬ ও ১৯৯৯ থেকে ২০০১ সালেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। পরবর্তীতে ২০৩৩ কিংবা ২০৩৪ সালে এমন ঝড় পুনরায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।





