Skip to main content

Bd News Flash

আন্তর্জাতিক

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

ছবি: bdnews24 বাংলা
ছবি: bdnews24 বাংলা

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, আগামী ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্মে রূপ নিতে পারে। ওই সময়ে বিশ্বের মোট জনসংখ্যার বড় একটি অংশ এই ধর্মের অনুসারী হয়ে উঠবে। গবেষণা সংস্থার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান ধর্মের অনুসারীদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে গিয়ে ঠেকতে পারে।

প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের সময়ের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫। জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে মনে করা হয়।

বিজ্ঞাপন

পিউর তথ্য অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে পাকিস্তান বিশ্বে শীর্ষে উঠে আসতে পারে। সে সময় পাকিস্তানের মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উন্নীত হতে পারে এবং বাংলাদেশের অবস্থান এক ধাপ পেছনে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। গবেষকরা উল্লেখ করেছেন যে বর্তমান জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা অব্যাহত থাকবে এমন অনুমানের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে এই হিসাব পরিবর্তিত হতে পারে।


সূত্র

ছবি: bdnews24 বাংলা

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *