১৯৫২ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স বিশ্বের অন্যতম শীর্ষ রূপচর্চা ও মেধার মঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে জমকালো পরিবেশনা ও বিজয়ীকে মাথায় অলঙ্কৃত মুকুট পরানোর বাইরেও এ মঞ্চের সাত দশকের ইতিহাসে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। বর্ণগত বৈষম্য, শরীর কেন্দ্রিক মন্তব্য, নারী অধিকার ও বাণিজ্যিক টানাপোড়েনের অভিযোগ বিভিন্ন সময় এর সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে পুয়ের্তো রিকোর সান হুয়ানে প্রতিযোগিতাটির ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। শতাধিক দেশের প্রতিযোগীদের পদচারণায় আগামী ২৪ নভেম্বর এর সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
অতীতের ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৫৭ সালে মার্কিন প্রতিনিধি মেরি লিওনা গেজকে কেন্দ্র করে ঘটা পরিস্থিতি। তিনি মিস ইউএসএ খেতাব জয়ের পর প্রকাশ্যে আসে যে তিনি বিবাহিত, দুটি সন্তান রয়েছে এবং বয়সের তথ্যেও গড়মিল করেছিলেন। সে সময়ের নিয়মে বিবাহিত বা সন্তান থাকা নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় তার খেতাব প্রত্যাহার করা হয় এবং প্রথম রানারআপ তার দায়িত্ব পান। ফলে মূল বৈশ্বিক মঞ্চে দেশটির হয়ে তিনি আর নামতে পারেননি।
পরবর্তীতে ১৯৯৬ সালে মুকুটধারী ভেনেজুয়েলার উনিশ বছর বয়সী অ্যালিসিয়া মাচাদোকে শারীরিক অবয়ব নিয়ে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তৎকালীন আয়োজক ডোনাল্ড ট্রাম্প তার শারীরিক ওজন বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সামনে তাকে জিমে শরীরচর্চা করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় হিলারি ক্লিনটন এই ঘটনার সমালোচনা করেছিলেন। এ ছাড়া ২০০২ সালে রাশিয়ার প্রথম বিজয়ী ওক্সানা ফেদোরোভা দায়িত্ব গ্রহণের মাত্র ১১৯ দিনের মাথায় নিজের খেতাব হারান। কর্তৃপক্ষের মতে তিনি অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, যদিও ওক্সানা নিজের ইচ্ছায় পদত্যাগের কথা জানান। পরবর্তীতে পানামার জাস্টিনে পাসেককে ওই মুকুট দেওয়া হয়।
২০১৫ সালের আসরে মঞ্চে ঘটে যাওয়া আরেক বিভ্রাট বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেয়। উপস্থাপক স্টিভ হার্ভে কলম্বিয়ার প্রতিযোগী আরিয়াদনা গুতিয়েরেসকে বিজয়ী বলে ভুল ঘোষণা করেন এবং তাকে মুকুট পরানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই হার্ভে পুনরায় এসে স্বীকার করেন যে ফলাফল পাঠে তার ত্রুটি হয়েছিল। এরপর আরিয়াদনার মাথা থেকে মুকুটটি সরিয়ে মূল বিজয়ী ফিলিপাইনের পিয়া ওয়ার্টজবাখের মাথায় পরিয়ে দেওয়া হয়, যার সরাসরি সম্প্রচার ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।





