বলিউড সিনেমার ইতিহাসে ক্যাবারে কুইন হিসেবে পরিচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী হেলেন ৮৮ বছর বয়সে পদার্পণ করলেন। ১৯৩৮ সালের একুশে নভেম্বর ব্রিটিশ বার্মার রেঙ্গুনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। রঙিন পোশাক, বিচিত্র চুলের স্টাইল এবং নজরকাড়া শারীরিক ছন্দে বড় পর্দায় সবসময় এক ভিন্ন আবহ তৈরি করতেন এই তারকা। পর্দায় তাঁর ঝলমলে উপস্থিতি দর্শককে মাতিয়ে রাখলেও বাস্তব জীবনের গল্পটি ছিল অত্যন্ত কঠিন ও সংগ্রামের। শৈশবে যুদ্ধ এবং দেশত্যাগের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী বার্মায় আক্রমণ চালালে তাঁর পরিবার বড় বিপর্যয়ের মুখে পড়ে। যুদ্ধে বাবাকে হারিয়ে মা ও ছোট ভাইকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে এসেছিলেন তিনি। আসাম পৌঁছানোর পথে অনাহার ও অসুস্থতার কারণে তাঁর ছোট ভাই মারা যায়। পরবর্তীতে মুম্বাইয়ে এসে পরিবারের আর্থিক সংকট কাটাতে খুব কম বয়সেই পড়াশোনা বাদ দিয়ে জীবিকার পথ বেছে নেন হেলেন। পারিবারিক পরিচিত নৃত্যশিল্পী কুকু মোরোর মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং কোরাস ড্যান্সার হিসেবে কাজ শুরু করেন।
চলচ্চিত্রে নায়িকা হওয়ার চিন্তা বাদ দিয়ে তিনি নাচকেই নিজের পেশা হিসেবে বেছে নেন এবং ধীরে ধীরে একক নৃত্যে নিজের পরিচিতি তৈরি করেন। ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত হাওড়া ব্রিজ ছবির মেরা নাম চিন চিন চু গানে পারফর্ম করার পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। এরপর ষাট ও সত্তরের দশকে গুমনাম, কারভান, ডন এবং শোলেসহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে তাঁর নাচ আলাদা আকর্ষণ সৃষ্টি করেছিল। মুখের অভিব্যক্তি এবং চোখের ভাষার অনন্য ব্যবহারের মাধ্যমে তিনি হিন্দি সিনেমার দর্শকের মনে স্থায়ী আসন করে নেন।





