ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বক্তব্য বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করে বুধবার সকালে দেশে ফেরার পর তিনি এমন কথা বলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেশে ফেরত আসলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মো. সেলিম উদ্দিন।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বৈঠক করেন এবং পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেন। এছাড়া তিনি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একাধিক আয়োজনে অংশ নেন, যেখানে প্রবাসীরা দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার কথা জানান। উল্লেখ্য, ২০ নভেম্বর রাতে তিনি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং মুহাম্মদ নজরুল ইসলামকে সফরসঙ্গী করে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন।





