ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবেসে মিলেমিশে থাকার ডাক দিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় গ্লোবাল পিস অনার্স নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি স্মরণে তৃতীয়বারের মতো এই অনুষ্ঠানটি করা হয়েছে। সেখানে ভারতের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শাহরুখ খান বলেন, মুম্বাই হামলা, পেহেলগামের জঙ্গি হামলা এবং দিল্লির বিস্ফোরণে নিহতদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। শান্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে শান্তি ও স্বস্তি মানুষের হৃদয় থেকেই তৈরি হয়। অনুষ্ঠানে ছোট ছেলে আব্রামের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণ করেন এই অভিনেতা। তিনি জানান, ঘৃণা কীভাবে ভালোবাসায় বদলানো যায়, তার কাছে এই প্রশ্ন রেখেছিল আব্রাম।
ছেলের সেই প্রশ্নের জবাবে তিনি কী উত্তর দিয়েছিলেন, সেটিও সবার সামনে তুলে ধরেন অভিনেতা। তিনি ছেলেকে বলেছিলেন, সহিংসতা ও ভয়ের পরিবর্তে যদি সবাই বিশ্বাসকে বেছে নেয় এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, তবে ভালোবাসার জয় নিশ্চিত। শান্তি কোনো অলংকারিক ধারণা নয়, এটি মানুষের প্রতিদিনের সিদ্ধান্ত ও দায়িত্ব।
অনুষ্ঠানে দেশের সীমান্ত রক্ষাকারী সেনাদের উদ্দেশেও বার্তা দেন তিনি। শত্রুর চোখে চোখ রেখে জবাব দেওয়ার কথা বলে তিনি জানান, দেশের ১৪০ কোটি মানুষের আশীর্বাদ সবসময় তাদের সঙ্গে আছে। সবশেষে দেশবাসীকে ধর্ম ও জাতপাতের ভেদাভেদ ভুলে মনুষ্যত্বকে বড় করে দেখার অনুরোধ জানান শাহরুখ খান।





