চার বছরের দীর্ঘ সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী মাইলি সাইরাস। বয়সে পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস এলাকায় তাদের বিয়ের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গত শনিবার এই জুটির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে, যেখানে সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো মঞ্চ দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন তার মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ পরিবারের অত্যন্ত ঘণিষ্ঠজনেরা। বিয়ের দিন মাইলি একটি সাদা রঙের পোশাক পরেছিলেন।
এর আগে গত বছর মার্কিন টিভি শো গুড মর্নিং আমেরিকায় একটি সাক্ষাৎকারে ম্যাক্স মোরান্ডোর সঙ্গে নিজের বাগদানের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন এই তারকা। ২৮ বছর বয়সি মোরান্ডো পেশাগতভাবে একজন ড্রাম বাদক এবং তিনি লস অ্যাঞ্জলসের ব্যান্ড লিলি এর সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে এক দশকের সম্পর্কের সূত্রে মাইলি সাইরাস অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেম্সওর্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাদের সেই বিয়ে হলেও পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে যায়। পরবর্তীতে ম্যাক্স মোরান্ডোর সঙ্গে সম্পর্কে জড়ান এই পপ তারকা। ২০২৩ সালে ব্রিটেনের ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। মোরান্ডো তাকে জাপান সফরে গিয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই চমকে তিনি অবাক হয়ে গিয়েছিলেন বলে জানান।
সংগীতের পাশাপাশি অভিনয়ের জগতেও মাইলি সাইরাসের ব্যাপক পরিচিতি রয়েছে। ডিজনি চ্যানেলের জনপ্রিয় টেলিভিশন সিরিজ হান্না মন্টানায় মাইলি স্টুয়ার্ট চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে তারকাখ্যাতি অর্জন করেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত এই সিরিজটি সম্প্রচারিত হয়েছিল। এছাড়া ক্রাইসিস ইন সিক্স সিনস মিনিসিরিজ ও ব্ল্যাক মিরর সিরিজের একটি এপিসোডেও তাকে দেখা গেছে। পাশাপাশি বোল্ট, দ্য লাস্ট সং এবং সো আন্ডারকভারের মতো সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। সংগীত জীবনে ফ্লাওয়ার্স গানের সুবাদে ২০২৪ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালেও বিয়ন্সের সঙ্গে যৌথভাবে আরেকটি গ্র্যামি পুরস্কার অর্জন করেন এই শিল্পী।





