বহুল প্রতীক্ষিত ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ-এর নতুন সংস্করণ জিটিএ ৬ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ২.৩৬ বিলিয়ন ডলার আয় করেছে। এর মাধ্যমে বিনোদন জগতের সব ক্ষেত্রের সব রেকর্ড ভেঙে দিয়েছে গেমটি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের আগের সংস্করণ জিটিএ ৫। দীর্ঘ তেরো বছরের অপেক্ষা, বিভিন্ন প্রচার ও ট্রেলারের পর বাজারে আসা নতুন এই সংস্করণটি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। এর আগে কোনো গেম, সিনেমা বা গান মুক্তির পর এত পরিমাণ রাজস্ব অর্জন করতে পারেনি।
নতুন এই পর্বে আগের মতো ফ্রি ওয়ার্ল্ডে ঘোরাঘুরি, বিভিন্ন মিশনে অংশ নেওয়া এবং নানা ধরনের চরিত্রের সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। গেমটির মূল আকর্ষণ হিসেবে রয়েছে ভাইস সিটির আধুনিক পরিবেশ, প্রোট্যাগোনিস্ট জেসন ও লুসিয়ার অপরাধজগতের কার্যক্রম এবং তাদের চারপাশের বৈচিত্র্যময় জীবনধারা। গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছেন জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস। জেসন ডুভাল সাবেক মার্কিন সেনাসদস্য হলেও বর্তমানে স্থানীয় মাদক চোরাকারবারিদের সঙ্গে কাজ করছেন এবং স্বাভাবিক জীবনের আকাঙ্ক্ষার সঙ্গে অপরাধজগতের সংঘাত তাঁর চরিত্রে ফুটে উঠেছে। অন্যদিকে, লুসিয়া কামিনোস কারাগار থেকে মুক্তি পাওয়ার পর নতুন জীবন গড়তে চান এবং তাঁর মধ্যে আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা মনোভাব দেখা যায়।
এছাড়াও গেমটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ডার্ক চরিত্র রয়েছে। এদের মধ্যে ব্যাংক ডাকাত রাউল বাউতিস্তা, অবসরপ্রাপ্ত চোরাকারবারি ব্রায়ান হেডার, গ্যাংস্টার থেকে ব্যবসায়ী হওয়া বুবি আইক, ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী ক্যাল হ্যাম্পটন এবং সংগীতজগতে প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ড্রেকুয়ান প্রিস্ট উল্লেখযোগ্য। পাশাপাশি র্যাপ জুটি বি-লাক্স ও রক্সি এবং প্রভাবশালী ব্যক্তি আন্দ্রেস দে লিওন গেমটির গল্প ও পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।





