প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনৈতিক নেতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। পারিবারিক জীবনে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শিক্ষাজীবনে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। তৎকালীন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তাকে পরবর্তীকালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছিল।
তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের প্রচার তদারকি করেছিলেন তিনি, যার সবকটিতেই দল জয়লাভ করে। পরবর্তীতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং কারাবরণের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। ওই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাঁর ৬২তম জন্মদিন উপলক্ষে গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও উত্তর বারিধারা এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশন দোয়া ও মোনাজাতের পাশাপাশি খাবার বিতরণের আয়োজন করে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছেন।





